Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫, বাড়িঘর ভাঙচুর

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ৫, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাটিয়াডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে এবং ইউপি সদস্য কালাম মুন্সির ছেলের মধ্যে ঘুড়ি উড়ানো নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের নারীদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে নিয়ামত সরদার গ্রুপ ও কালাম মুন্সি গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিরোধ মেটাতে বৃহস্পতিবার রাতে লুঠিয়া বাজারে শালিশ বৈঠকের কথা থাকলেও তা আর অনুষ্ঠিত হয়নি। অভিযোগ রয়েছে, রাত ১২টার দিকে উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে লাঠিসোঁটা, ঢাল, সড়কি, রামদা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন মিজানুর মুন্সি, ইজাজুল মুন্সি, আজিজুল মুন্সি, হানিফ সরদার, খাজা সরকার, আজাদ সরদার, রবিউল ইসলাম, বাচ্চু মোল্যা, আহাদ মোল্যা, রাফেজা বেগম, আমেনা বেগম, সিমা খানম ও সাইদুর সরদারসহ আরও কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় ৮ থেকে ১০টি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

ইউপি সদস্য কালাম মুন্সি বলেন, “শিশুদের ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য শালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শালিশে না বসে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।”

তবে নিয়ামত সরদারের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।