Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে বাসচাপায় আড়াই বছরের শিশুর মৃত্যু, দুই ঘণ্টা অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়ক

Link Copied!

মো.মিজানুর রহমান, কালকিনি প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় বাসচাপায় আয়শা (আড়াই) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ইতালি প্রবাসী আবুল ঘরামির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়শা তার দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে ঘুরতে ও মিষ্টি খেতে এসেছিল। বাজার এলাকায় অবস্থানকালে একটি দ্রুতগতির বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ঢাকা-বরিশাল রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসী জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, সড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং প্রাণহানি অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। আমরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।