তালা(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় ১৮১৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির খোদাইকৃত একটি প্রাচীন সীমানা পিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা (৬০), খুলনার পাইকগাছা উপজেলার লস্কার গ্রামের সুনীল সরদারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার (৪২) এবং বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরের নিচে দীর্ঘদিন ধরে একটি সীমানা পিলার সংরক্ষিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঐতিহাসিক গুরুত্ব বহনকারী পিলারটি বিক্রির চেষ্টা চলছে। খবর পেয়ে তালা থানা পুলিশ অভিযান চালিয়ে পিলারসহ চারজনকে আটক করে।
উদ্ধারকৃত পিলারটির গায়ে খোদাই করা রয়েছে “১৮১৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানি”। ধারণা করা হচ্ছে, এটি ব্রিটিশ শাসনামলের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হতে পারে। পিলারটির ঐতিহাসিক মূল্য ও প্রকৃত পরিচয় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত নেওয়া হবে বলে জানা গেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলাগাছি এলাকায় একটি সীমানা পিলার বেচাকেনার চেষ্টা চলছে। পরে অভিযান চালিয়ে পিলারসহ সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে যারা জড়িত বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পিলারটির ঐতিহাসিক গুরুত্ব যাচাই এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

