যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বন্দবিলা ইউনিয়নের চাপাতলা ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান হোসেন (২৪) চাপাতলা আজমপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। আহত নয়ন (১৬) একই গ্রামের মানিক হোসেনের ছেলে। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনরা জানান, শনিবার সকালে রমজান মোটরসাইকেলযোগে খাজুরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে চাপাতলা ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক রমজান ও নয়ন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। আহত নয়নকে হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রমজানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। আহত নয়নের অবস্থাও আশঙ্কাজনক এবং তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

