বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর-৩৫ বিজিবির পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর-৩৫ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) দিবাগত মধ্যরাতে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন ইজলামারী বিওপির সদস্যরা সীমান্তবর্তী ১০৬৬ নম্বর পিলারের নিকটবর্তী বন্ধুরচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
একই রাতে বড়াইবাড়ী বিওপির সদস্যরা সীমান্তবর্তী চুলিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে আরও ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
অন্যদিকে শনিবার সকালে সাহেবের আলগা বিওপির সদস্যরা সীমান্তবর্তী ইটালুকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা এবং একটি নৌকা উদ্ধার করেন।
উদ্ধারকৃত মদের ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে মদগুলো ধ্বংসের জন্য ৩৫ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকৃত জিরা রৌমারী শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।”
বিজিবির এ অভিযানে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বাহিনীর তৎপরতার বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।

