ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে একটি পাকা পিচঢালাই সড়ক খুঁড়ে সেখানে ইটের সলিং নির্মাণের কাজকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কালীগঞ্জ-গান্না সড়কের নিমতলা বাসস্ট্যান্ড থেকে আলাইপুর গ্রাম পর্যন্ত প্রায় সাড়ে ৮শ মিটার অংশে চলমান এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৮ লাখ টাকা।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিদ্যমান পিচ ও পাথরের স্তর অপসারণ করে সেখানে দুই স্তরে ইটের সলিং বসানো হচ্ছে। স্থানীয়দের দাবি, সড়কের অধিকাংশ অংশই চলাচলের উপযোগী ছিল এবং শুধুমাত্র কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করলেই চলত। কিন্তু পুরো সড়ক খুঁড়ে নতুন করে ইটের সলিং নির্মাণের সিদ্ধান্ত তাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন দূরপাল্লার যানবাহন, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের পরিবহন চলাচল করে। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। নির্মাণকাজের কারণে বর্তমানে ধুলাবালি ও যান চলাচলে দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় ব্যবসায়ী তুহিন হোসেন বলেন, “রাস্তার বেশিরভাগ অংশই ভালো ছিল। সামান্য মেরামত করলেই চলত। পুরো রাস্তা ভেঙে নতুন করে কাজ করার প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারছি না।”
ইজিবাইক চালক আলিম হোসেন বলেন, “পাকা রাস্তা তুলে ইটের সলিং করলে যাত্রী ও চালক উভয়েরই ভোগান্তি বাড়বে। কাজটি কতটা টেকসই হবে, সেটিও প্রশ্নের বিষয়।”
তবে প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান গামা কনস্ট্রাকশন-এর স্বত্বাধিকারী গোলাম হোসেন মেম্বার বলেন, “টেন্ডারে যে ধরনের কাজের নির্দেশনা রয়েছে, আমরা সে অনুযায়ী কাজ করছি। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প সম্পন্ন করা হবে।”
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী অপূর্ব বিশ্বাস জানান, বর্ষার পানিতে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি রক্ষণাবেক্ষণমূলক কাজ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। তবে ভালো অবস্থায় থাকা অংশও কেন ভাঙা হচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে।”
এদিকে ভালো অবস্থায় থাকা পিচঢালাই সড়ক অপসারণ করে ইটের সলিং নির্মাণের যৌক্তিকতা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন এলাকাবাসী।

