জামালপুর প্রতিনিধি
‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক জামালপুরের সভাপতি শামীমা খান। এতে বক্তব্য দেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জামালপুরের সভাপতি অধ্যাপক মাসুম আলম খান, সনাক সদস্য মনোয়ারা খানম, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) জামালপুর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম, সনাক সদস্য আসমাউল আসিফ এবং ইয়েস গ্রুপের সহ-দলনেতা রত্ন বারইসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রণীত আইন, নীতি ও পরিকল্পনায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজন ও টিকে থাকার সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলাভূমি দখল ও বন উজাড় বন্ধের মাধ্যমে পরিবেশনির্ভর জনগোষ্ঠীর জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, প্লাস্টিক দূষণ ও অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। দুর্যোগ-পরবর্তী ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি ‘দুর্যোগকালীন বর্জ্য ব্যবস্থাপনা প্রটোকল’ প্রণয়নেরও দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারের উদাসীনতার কারণে নদী, খাল ও বিল দখল এবং দূষণের শিকার হচ্ছে। পরিবেশগত ক্ষতির শিকার সাধারণ মানুষ আইনি প্রতিকার পেতে নানা জটিলতা ও হয়রানির মুখোমুখি হচ্ছেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবও বাংলাদেশে ক্রমশ বাড়ছে।
এ সময় পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে অনিয়ম-দুর্নীতি রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার এবং বিশ্ব নেতাদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

