ফরিদপুর প্রতিনিধি
ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (৭ জুন) এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎসকেরা। পরে দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসক সমাজের যৌক্তিক ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ করেন, চিকিৎসকবিরোধী বিভিন্ন সিদ্ধান্তের কারণে দেশের স্বাস্থ্য খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নসংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বিএমইউ ও বিসিপিএসের ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যে নির্ধারণ, নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন এবং ট্রেইনি চিকিৎসকদের আনুষঙ্গিক ভাতাসহ নবম গ্রেডের সমপর্যায়ের বেতন নির্ধারণ ও নিয়মিত পরিশোধ, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ প্রার্থীদের তুলনায় দুই বছর বেশি অর্থাৎ ৩৪ বছর বহাল রাখা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।
মানববন্ধনে বক্তব্য দেন ডা. এ এস এম রশিদুল ইসলাম, ডা. সাদিয়া প্রত্যাশা, ডা. মোস্তাফিজুর রহমান এবং ডা. সি আর মাশিয়েল আলিফসহ অন্যান্য চিকিৎসক।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের প্রতিবাদেও এ কর্মসূচি পালন করা হয় বলে বক্তারা জানান।

