মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আব্দুল্লাহ গাজী (৩৪) ও পাঁচ বছর বয়সী কন্যা আনিকা আক্তার মিম আহত হয়েছেন।
রোববার (৭ জুন) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসদরের মালেকা চক্ষু হাসপাতালের প্রধান ফটকের বাউন্ডারি ওয়ালে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-০৯৬২) নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের বাউন্ডারি ওয়ালে সজোরে আঘাত হানে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী রেশমার মৃত্যু হয়।
আহত তার স্বামী আব্দুল্লাহ গাজী ও মেয়ে আনিকা আক্তার মিমকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রেশমা ও তার পরিবারের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। জানা গেছে, রেশমার মায়ের মৃত্যুসংবাদ পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি নিজ বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু মায়ের মরদেহ দেখার আগেই সড়ক দুর্ঘটনায় নিজের প্রাণ হারান তিনি।
কানাইপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মায়ের মৃত্যুসংবাদ পেয়ে তারা সাতক্ষীরার দেবহাটায় যাচ্ছিলেন। পথে মধুখালী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

