সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (৭ জুন) দুপুরে মহম্মদপুর প্রেসক্লাব ভবনের নিচে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সর্দার শাকিল, সাবেক সদস্য সচিব হিমুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, একজন মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ পেশা। এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না, যা প্রেসক্লাবের সুনাম ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। তারা এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
সমাবেশ থেকে মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি টুটুলের পদত্যাগ দাবি করা হয়। বক্তারা অভিযোগ করেন, তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

