নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়ার (কামিনী গাছতলা) এলাকায় অবস্থিত ‘রজনী সুইট অ্যান্ড বেকারি’তে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৮ জুন) দুপুরে অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেকারিটিতে অভিযান চালানো হলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া খাদ্যদ্রব্যে অনুমোদনহীন রং ব্যবহার এবং পণ্যের মোড়কে বিক্রয়মূল্য উল্লেখ না করার মতো অনিয়মও ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। খাদ্য উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
অভিযানে শিবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইনসের সদস্যরা সহযোগিতা করেন।

