Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, কর্মবিরতিতে কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ৮, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ইসলামী ব্যাংক বাংলাদেশের স্বকীয়তা, স্বাধীনতা ও গ্রাহকস্বার্থ রক্ষার দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। একই সঙ্গে ব্যাংকটির ওপর কথিত হস্তক্ষেপ এবং বিতর্কিত গোষ্ঠীর পুনর্বাসনের প্রতিবাদে প্রতীকী কর্মবিরতি পালন করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার সকালে গাজীপুর মহানগরের শিববাড়ী মোড়ে ইসলামী ব্যাংক গাজীপুর সদর শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, ব্যবসায়ী, পেশাজীবী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডা. আমজাদ হোসেন খান। বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মাহবুব আলম জামি, মাওলানা এমরান হোসেন হাবিবী, মাওলানা হারুনুর রশিদ সিরাজী, আশরাফ আলী কাজল, আব্দুল আলিম, ওয়ালিউল্লাহ, শাহনূর হুসাইন, জালাল উদ্দিন এবং মাওলানা আব্দুর রব গাজীসহ সচেতন গ্রাহক সমাজের প্রতিনিধিরা।

বক্তারা অভিযোগ করেন, দেশের অন্যতম বৃহৎ ও আস্থাভাজন আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ওপর বিভিন্ন মহল থেকে অযাচিত হস্তক্ষেপের চেষ্টা চলছে। তাদের দাবি, অতীতে ব্যাংকিং খাতের নানা বিতর্ক ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে পুনর্বাসনের অপচেষ্টা শুধু ইসলামী ব্যাংকের জন্য নয়, পুরো আর্থিক খাতের জন্যই উদ্বেগের বিষয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “আর্থিক প্রতিষ্ঠান দলীয়করণ মানি না, মানবো না”, “লুটেরা এস আলমের পুনর্বাসন বন্ধ করতে হবে”, “পাচারকৃত অর্থ ফিরিয়ে দিতে হবে” এবং “ইসলামী ব্যাংকের স্বাধীনতা রক্ষা করতে হবে”—এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নেতৃত্ব সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত আইন, নীতিমালা এবং গ্রাহকদের স্বার্থ বিবেচনায় গ্রহণ করতে হবে। ব্যাংকটির ভাবমূর্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন হয় এমন কোনো উদ্যোগ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান তারা।

মানববন্ধন চলাকালে গ্রাহক ফোরামের নেতারা ইসলামী ব্যাংক গাজীপুর সদর শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গ্রাহকদের দাবির প্রতি সংহতি জানিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রতীকী এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

এ ছাড়া ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।