নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তাঁর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন এগিয়ে নিতে হবে এবং সবসময় মানুষের পাশে দাঁড়াতে হবে।
সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আর্থিক সহায়তার চেক ও জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার জামালপুর, বক্তারপুর ও নাগরী ইউনিয়নের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৩০৬ ব্যক্তি ও পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। এছাড়া অধিক ক্ষতিগ্রস্ত চারজনকে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
এ সময় উপজেলার ২৭টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে মোট ৩১ টন চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পূবাইল গ্রিড সংলগ্ন শিমুলিয়া এলাকায় সংঘটিত দুর্ঘটনায় নিহত শিক্ষিকা শারমিন ফেরদৌসীর পরিবারকে ৪ লাখ টাকা, আহত দিদারুল আলম তন্ময়ের পরিবারকে ৩ লাখ টাকা এবং পূজা রানীর পরিবারকে ১ লাখ টাকা প্রদান করা হয়েছে। এভাবে মোট ৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী, কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আক্তার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, কালীগঞ্জ জোনাল অফিসের এজিএম মো. আনিসুর রহমান, বোর্ড সভাপতি আল আমিন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. হারুন অর রশিদ দেওয়ান, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলমসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

