যশোর প্রতিনিধি
যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের সুনাম সংরক্ষণ এবং খেজুরগাছের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ২০ লাখ খেজুর গাছের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেসরকারি সামাজিক সংগঠন ‘উদ্যাম’ এ কর্মসূচির আয়োজন করেছে।
যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় সদর উপজেলার কনেজপুর ও নিমতলা এলাকায় সাড়ে তিন কিলোমিটার সড়কের পাশে এ কার্যক্রমের সূচনা করা হয়।
সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন দেশসেরা কৃষি কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা।
এ সময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী, উদ্যামের আহ্বায়ক রিশাদ হাসান বিপ্পি, সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলসান, যুগ্ম আহ্বায়ক তাহানি আক্তার রুপা, তুহিন, সদস্য ওয়ালিউজ্জামান, ফয়সাল ইকবাল তমন, সুধাংশু বিশ্বাস, রাজন সালেহ, তানিয়া ও রবিউল ইসলাম উজ্জ্বলসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে যশোরের ঐতিহ্যবাহী খেজুরগাছ। গত পাঁচ বছরে জেলায় প্রায় ৫০ হাজার খেজুরগাছ এবং প্রায় ১ হাজার ৫০০ গাছি কমে গেছে। এর ফলে বছরে প্রায় ৫৫ লাখ লিটার খেজুরের রস আহরণ কমেছে। খেজুরগাছ ও গাছির সংখ্যা কমে যাওয়ায় খেজুরের রস ও গুড় ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে উঠছে।
তারা আরও বলেন, খেজুরগাছ যশোরের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্য থেকেই সরকারি পতিত জমি ও সড়কের দুপাশে ব্যাপকভাবে খেজুর বীজ বপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যে জেলায় খেজুরগাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি খেজুরের রস ও গুড় উৎপাদন বাড়বে এবং যশোরের শতবর্ষের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও সুসংহতভাবে সংরক্ষিত হবে।

