পলাশ (নরসিংদী) প্রতিনিধি
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (৯ জুন) সকালে ঘোড়াশাল বাজার এলাকায় অবস্থিত পূবালী ব্যাংকের ঘোড়াশাল শাখা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মধ্যে ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা সৃষ্টি করে।
র্যালি শেষে দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও গাজীপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক বেলাল হোসেন সেলিম, ঘোড়াশাল শাখার ব্যবস্থাপক মো. রকিবুল ইসলাম, রিজিওনাল ইনচার্জ (এডিসি) মো. ফজলে রাব্বীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা ক্যাশলেস লেনদেন ব্যবস্থার বিভিন্ন সুবিধা তুলে ধরেন। তারা বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে সময় সাশ্রয়, নিরাপত্তা বৃদ্ধি এবং আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব।
পরে ‘ক্যাশলেস ঘোড়াশাল’ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের নগদ অর্থের ব্যবহার কমিয়ে কিউআর কোডের মাধ্যমে লেনদেনের সুবিধা ও ব্যবহারবিধি সম্পর্কে অবহিত করা হয়। ব্যাংকের কর্মকর্তারা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে জনপ্রিয় করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

