কোটালীপাড়া(গোপালগঞ্জ )প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষক-কৃষাণীদের কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা।
তিনি বলেন, “আমরা প্রায় সবাই কোনো না কোনো রোগে আক্রান্ত। নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণের মাধ্যমে অনেক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা এবং লাভজনক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিকে বাণিজ্যিকভাবে লাভজনক করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।”
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হকের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুক্তা মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মামুনুর রহমান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা এস এম শরিফুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে কৃষক-কৃষাণীরা বিভিন্ন ফল ও খাদ্যের পুষ্টিগুণ বিষয়ে উপস্থাপনা করেন এবং গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উন্নত কৃষি চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন।
কংগ্রেসে কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, কৃষকদের মধ্যে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

