নড়াইল প্রতিনিধি
নড়াইলের সদর উপজেলার হাতির বাগান এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫৯ বোতল নেশাজাতীয় এস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের হাতির বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত শহিদ হোসেন (২৬) যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশ সাতক্ষীরা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে বাসের একটি সিটের নিচে রাখা একটি কাগজের কার্টন সন্দেহজনক মনে হলে সেটি খুলে দেখা হয়। পরে কার্টনের ভেতর থেকে ৫৯ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
এ সময় ওই সিটে বসে থাকা শহিদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কার্টনের মালিকানা স্বীকার করেন। এরপর তাকে আটক করে থানায় নেওয়া হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫৯ বোতল এস্কাফসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের এ অভিযানে মহাসড়ক এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

