স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি তামিম মোল্যা (২১) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় লোহাগড়া থানা পুলিশের একটি টিম ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তামিম মোল্যা লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের রাজু শেখের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।
মামলার সূত্রে জানা যায়, গত ২১ মে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মঙ্গলহাটা গ্রামের রায়হান, তামিম ও লিকু পরস্পর যোগসাজশে ওই ছাত্রীকে ধরে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এ ঘটনায় অপমানে ছাত্রী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার পর ছাত্রীর মা সুমনা বেগম বাদী হয়ে ২৪ মে লোহাগড়া থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-২২)।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বুধবার (১০ জুন) দুপুরে জানান, “প্রধান আসামি তামিম মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামি রায়হান ও লিকু মোল্যাকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

