ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের কোতয়ালী ও মধুখালী থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৯ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন— মোস্তফা কামাল (২৭), মো. রাশেদুল ইসলাম (২৬), মো. মনির হোসেন ওরফে রুবেল (২৬) এবং মো. আমির হোসেন (২৪)। তারা সবাই খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে বুধবার (১০ জুন) বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (৯ জুন) রাত ৭টা ৫০ মিনিটের দিকে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি দল কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১০.৫ কেজি গাঁজাসহ মোস্তফা কামাল ও রাশেদুল ইসলামকে আটক করা হয়। এ সময় উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য ছিল প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
অন্যদিকে, বুধবার (১০ জুন) ভোর পৌনে ৬টার দিকে মধুখালী থানাধীন বেল্লাকান্দি এলাকায় আরেকটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব। এ সময় ৯ কেজি গাঁজাসহ মনির হোসেন ও আমির হোসেনকে আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর ও আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

