আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্যের টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সদর ইউনিয়নের বারইপাড়া এলাকায় নির্মাণাধীন ইটের সলিং রাস্তার কাজ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার (১০ জুন) দুপুরে বারইপাড়া মেইন রোডের হবি মোল্লার বাড়ি থেকে মনিরুজ্জামান বিশ্বাসের বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার দীর্ঘ রাস্তার নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান।
পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দ্রুত ও মানসম্মতভাবে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, গ্রামীণ উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। সড়ক শুধু যাতায়াতই সহজ করে না, বরং কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করা জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম জিয়াউল হাসান, টগরবন্দ ইউনিয়ন সভাপতি সেফায়েত হোসাইন, সেক্রেটারি এনামুল হোসেন, সদর ইউনিয়ন সেক্রেটারি আকতার হোসেন, বানা ইউনিয়ন সভাপতি আরিফুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

