Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব সুন্দরবনের আলোচিত বন কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 
জুন ১১, ২০২৬ ৭:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মাহবুব হাসান (লালু)সহ পাঁচজনের বিরুদ্ধে মারধর, ক্ষমতার অপব্যবহার এবং এক দর্শনার্থীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মামলার অপর অভিযুক্তরা হলেন বনরক্ষী মতিউর রহমান, আবুল হাসান, নাজমুল হক ও নজরুল ইসলাম। দীর্ঘ প্রায় দুই বছর তদন্ত শেষে গত ১৬ মে বাগেরহাটের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৭ এপ্রিল মামলার বাদী মো. জুয়েল স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরে সুন্দরবন ভ্রমণের বিষয়ে সহকারী বন সংরক্ষক মাহবুব হাসানের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে বন প্রবেশ ফি সংক্রান্ত সরকারি গেজেট দেখতে চাইলে তাকে বন অফিসে নিয়ে গিয়ে জোরপূর্বক হ্যান্ডকাপ পরানো হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এ সময় তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে সুন্দরবনের ভেতরে চরখালী ফরেস্ট অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে টহল ফাঁড়ির পাশের একটি পুকুরঘাটে নির্যাতন করে কাদা মাখিয়ে ছবি তুলে বন আইনের একটি মিথ্যা মামলায় জড়ানো হয় বলেও অভিযোগ রয়েছে।

পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে তিনি চিকিৎসা গ্রহণ করেন এবং জামিনে মুক্ত হয়ে ২০২৪ সালের ২ মে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে অভিযোগটি শরণখোলা থানায় মামলা হিসেবে রুজু হয়।

মামলার বাদী মো. জুয়েল বলেন, “মামলা দায়েরের পর আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়েছিল। তবে আমি ন্যায়বিচারের আশায় আইনি লড়াই চালিয়ে গেছি। পুলিশ চার্জশিট দাখিল করায় আমি সন্তুষ্ট এবং আদালতের মাধ্যমে সুবিচার পাব বলে আশা করছি।”

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক বলেন, “দীর্ঘ তদন্তের পর পুলিশ আদালতে চার্জশিট দিয়েছে। আমরা আশা করছি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।”

এদিকে মামলার প্রধান অভিযুক্ত সহকারী বন সংরক্ষক মো. মাহবুব হাসান বর্তমানে বন ভবনের সংস্থাপন ইউনিটে কর্মরত রয়েছেন।

চার্জশিট দাখিলের ফলে বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম এখন আরও একধাপ এগিয়ে গেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।