স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন দীপ্ত টিভির নড়াইল জেলা প্রতিনিধি তানভীর আহমেদ রুবেলের স্ত্রী ও লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) আমেনা হাসান বিপাশা (৩২)।
বুধবার (১০ জুন) সকালে ঢাকা-কালনা-নড়াইল জাতীয় মহাসড়কের কালনাঘাট এলাকায় মধুমতি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পরিবার ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে লক্ষীপাশার বাসা থেকে ভ্যানযোগে কর্মস্থলে যাচ্ছিলেন বিপাশা। পথে কালনাঘাট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বৃহস্পতিবার (১১ জুন) সকালে জানান, ট্রাকচাপায় আমেনা হাসান বিপাশার মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি এখনো জব্দ করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

