Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধে যুবক নিহত

যশোর প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল আহমেদ রানা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগও করেছেন স্বজনরা।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজনৈতিক বিরোধের জেরে সকালে মুক্তদাহ মোড়ে জুয়েল রানার সঙ্গে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম এবং স্থানীয় নজরম মেম্বারের ছেলে বাবু ও সুমনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা জুয়েল রানাকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। এতে তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে যায়।

নিহতের স্ত্রী মায়া বেগম অভিযোগ করে বলেন, সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় তার স্বামী স্থানীয় মোড়ে চা খেতে যান। এ সময় হামলাকারীরা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্বামীর ওপর হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা জুয়েল রানাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোবাশ্বের হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই জুয়েল রানার মৃত্যু হয়েছে।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।