নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানে আরিফ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার পৌর এলাকার শ্রীরামপুর উত্তরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান শেষে আটক আরিফ নিজের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আরিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। প্রশাসনের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “মাদকের বিরুদ্ধে রায়পুরা উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

