মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে “মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রতিযোগিতার সেমিফাইনালে বিতর্কের বিষয় ছিল “সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ না অভিশাপ?” এবং ফাইনাল পর্বের বিষয় ছিল “বই পড়ার অভ্যাস কমে যাওয়ার জন্য প্রযুক্তি দায়ী।”
এ প্রতিযোগিতায় মিরকাদিম পৌরসভার চারটি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনালে মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় আরও অংশ নেয় শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ও রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিচর্চা, নেতৃত্বের গুণাবলি এবং সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

