মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার শরণপুর গ্রামে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজমিস্ত্রি এনামুল হোসেন হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে আটক করেছে র্যাব-৬, যশোর।
বুধবার দিবাগত রাত ১২টার পর যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় রজনীগন্ধা তেলের পাম্পসংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন একই গ্রামের রাব্বি ও রাকিব। নিহত এনামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা সায়রা পরিবহনের একটি বাসে করে যশোরে ফিরছেন—এমন তথ্য পেয়ে কিসমত নওয়াপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, গত ৯ জুন রাত ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরণপুর গ্রামে এনামুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

