জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার চরগাবের গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদ তৈরির উপকরণ, প্রস্তুতকৃত মদ ও নগদ অর্থ উদ্ধার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে মাদারগঞ্জ সিনিয়র সার্কেল (এএসপি) মো. মোস্তাফিজুর রহমান ভূঁঞা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার একটি চৌকস পুলিশ দল পৌর এলাকার চরগাবের গ্রামের ঋষি পরিবারের সদস্য প্রদীপ দাস, সুনিয়া ওরফে জাম্বু দাস এবং সুবিরানি ওরফে বুচির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে খাটের নিচে, মাটির নিচে, রান্নাঘর ও টিউবওয়েলের পাশসহ বিভিন্ন স্থান থেকে ৪১টি প্লাস্টিকের ঝাঁকিতে সংরক্ষিত প্রায় ৪১০ লিটার দেশি চোলাই মদ তৈরির উপকরণ ‘জাওয়া’ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬১ হাজার ৫০০ টাকা। এছাড়া একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৭ কেজি চিটাগুড় উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২ হাজার ৪০ টাকা।
পুলিশ আরও উদ্ধার করে ৮ লিটার ৫০০ গ্রাম দেশি চোলাই মদ, যার আনুমানিক মূল্য ৩ হাজার ৪০০ টাকা এবং মদ বিক্রির ৩ হাজার ৮০০ টাকা নগদ অর্থ।
অভিযানে নেতৃত্ব দেন এসআই ওয়াজিউল, এসআই মজিবুর রহমান ও এসআই সামসুজ্জামান।
এএসপি মোস্তাফিজুর রহমান ভূঁঞা জানান, উদ্ধারকৃত ‘জাওয়া’ থেকে আনুমানিক ৪ হাজার থেকে ৫ হাজার লিটার দেশি মদ উৎপাদন করা সম্ভব হতো। তিনি বলেন, “মাদারগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তি ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

