মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে উপজেলা পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি (SEDP) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) প্রণব কুমার পোদ্দার।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুধু সনদ অর্জনের জায়গা নয়, বরং দক্ষ ও আধুনিক মানবসম্পদ তৈরির কেন্দ্র। তরুণদের বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাই স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী আয়োজিত মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৮ থেকে ১০টি স্টলে রোবোটিকস, প্রযুক্তিনির্ভর প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন। বিশেষ করে কৃষিভিত্তিক আধুনিক প্রযুক্তি ও স্মার্ট ফার্মিং সম্পর্কিত প্রকল্পগুলো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক-প্রধানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন নিয়মিত করার আহ্বান জানান, যাতে তৃণমূল পর্যায়ের মেধা জাতীয় পর্যায়ে বিকশিত হতে পারে।

