আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুর ১টায় উপজেলার শ্রীকলস পুরাতন জামে মসজিদের সামনে ওয়াপদা বাঁধের পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়ন কেন্দ্র, আশাশুনির যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বন কর্মকর্তা রেজাউল ইসলাম, আশাশুনি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
জানা যায়, শ্রীকলস থেকে শোভনালী ব্রীজ পর্যন্ত সড়ক ও বাঁধের দুই পাশে মোট ২৫ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে কদম, জারুল, অর্জুন, নিম, বাবলা, খয়ের, কৃষ্ণচূড়া, রেইন ট্রি, শিশু, গামার, তেঁতুল, কদবেল, আমলকি, হরিতকি, বহেরা, আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ ও বনজ প্রজাতির গাছ।
বন বিভাগ জানায়, রোপণকৃত চারাগুলোর সুরক্ষা ও পরিচর্যার জন্য অন্তত পাঁচজন পাহারাদার নিয়োজিত থাকবে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় নেট দিয়ে ঘেরাবেষ্টনীর ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠান শেষে স্থানীয়দের মাঝে বিনামূল্যে কদবেল গাছের চারা বিতরণ করা হয়।

