তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় মাদক, অনলাইন জুয়া ও দেহ ব্যবসার অভিযোগে প্রকাশিত সংবাদের পর প্রশাসনের অভিযান শুরু হয়েছে। অভিযানের পরও অভিযুক্ত মোহাম্মদ আলী মোড়ল ও তার স্ত্রীকে আটক করতে পারেনি পুলিশ। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, তালা উপজেলার মহান্দী পূর্বপাড়া এলাকার মোহাম্মদ আলী মোড়ল ও তার স্ত্রী আয়েশা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, অনলাইন জুয়া পরিচালনা এবং দেহ ব্যবসার অভিযোগ রয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করে।
অভিযান শুরুর পর অভিযুক্তরা এলাকা থেকে সরে যায় বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোহাম্মদ আলী মোড়ল ওই সংবাদ প্রকাশকারী সাংবাদিককে প্রাণনাশসহ বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে, সংবাদ প্রকাশ ও পুলিশের অভিযানের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত দম্পতির কারণে এলাকায় মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড বেড়ে গিয়ে যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

