ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী থানার বহুল আলোচিত ও ‘ক্লুলেস’ তৌহিদুল ইসলাম (২৬) হত্যা মামলার মূল সন্দেহভাজন আসামি ওয়াহিদুর রহমান (৪২)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শনিবার (১৩ জুন) দুপুরে বোয়ালমারী উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়াহিদুর রহমান ওই এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১ জুন দুপুরে ভিকটিম তৌহিদুল ইসলাম পরিচিত এক ব্যক্তির সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে দীর্ঘ অনুসন্ধানের পর ৩ জুন সকালে ভাটপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ।
নিহতের পরিবার জানায়, তৌহিদুল ইসলাম বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ কারণে পূর্বপরিকল্পিতভাবে তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ পাটক্ষেতে ফেলে রাখা হতে পারে বলে তারা ধারণা করেন।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি (নং-১৪, তারিখ: ০৫/০৬/২০২৬) দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়।
মামলাটি ‘ক্লু-লেস’ হওয়ায় র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত ওয়াহিদুর রহমানকে গ্রেফতার করে।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, “অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র্যাব সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

