বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৩ জুন) রাতে রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে র্যাব-৮ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৪ জুন) দুপুরে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। তিনি জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সকাল ১০টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাইদুল ইসলাম সজিবকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩১ মার্চ রাত ১টা ৩০ মিনিটে তিনি মারা যান।
নিহত সজিব বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চলতি বছর অনার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন খান বাদী হয়ে ২৯ মার্চ থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি মিলন খান পলাতক ছিলেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

