দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় দুটি নৌযানও জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকা দুটি উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) উপজেলার পায়রা নদীর পাঙ্গাশিয়া, আলগী, লেবুখালী, আঙ্গারিয়া, মুরাদিয়া ও লোহালিয়াসহ পায়রা ও পাণ্ডব নদীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজ রহমান। এ সময় উপজেলা মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী জানান, মা ইলিশ রক্ষা ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পায়রা নদীসহ সংশ্লিষ্ট জলাশয়গুলোতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় তিনি স্থানীয় জেলেদের ইলিশ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান।

