বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রোগী ও স্বজনদের অভিযোগ, সরকার নির্ধারিত মান ও পরিমাণ অনুযায়ী খাবার সরবরাহ না করে নিম্নমানের ও অপ্রতুল খাবার দেওয়া হচ্ছে।
রবিবার (১৪ জুন) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন নির্ধারিত খাদ্যতালিকা থাকলেও বাস্তবে সরবরাহকৃত খাবারের মান ও পরিমাণে ঘাটতি রয়েছে। অনেক রোগী অভিযোগ করেন, খাবার পর্যাপ্ত না হওয়ায় বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে।
টাইফয়েডে আক্রান্ত হয়ে সাত দিন ধরে ভর্তি থাকা রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামের নুর আলম শেখ বলেন, “প্রতিদিন একই ধরনের খাবার দেওয়া হয়, মানও ভালো না। তাই বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে।”
অন্যদিকে স্বজনদের অভিযোগ, রোগীদের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রী সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। একটি অসাধু চক্র ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। তাদের দাবি, উন্নতমানের চালের পরিবর্তে নিম্নমানের চাল ব্যবহার করা হচ্ছে এবং রান্নায় নিম্নমানের খোলা তেল ও মশলা ব্যবহারের অভিযোগও রয়েছে।
কর্মচারীদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিজন রোগীর জন্য প্রতিদিন খাবারের বরাদ্দ প্রায় ১৭৫ টাকা। তবে নির্ধারিত তালিকা অনুযায়ী খাবার সরবরাহ না করে পরিমাণে কম দেওয়া হয় বলেও তারা জানান।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, অসুস্থ রোগীদের জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনিয়মের কারণে তারা ভোগান্তিতে পড়ছেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়া এ বিষয়ে মন্তব্য করতে পারব না।”
বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এ এলাহী বলেন, বিষয়টি আগে জানা ছিল না। এখন জেনেছি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

