যশোর প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার শান্তিকামী মানুষ অংশ নেন।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি একটি চক্র বিভিন্ন সময়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত হানার চেষ্টা করে। কিন্তু আমরা যদি ধর্ম-বর্ণ নির্বিশেষে লাল-সবুজের পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো অপশক্তিই আমাদের বিভেদের বেড়াজালে আবদ্ধ করতে পারবে না।”
মানববন্ধনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য বক্তারা ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, কোনো ধর্মের উপাস্য, প্রতীক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত সমাজে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহাবস্থানের মাধ্যমেই দেশের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

