এনএম নুরুল ইসলাম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ২০ বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে নজর কেড়েছেন কৃষক আজিজুর রহমান। আধুনিক পদ্ধতিতে গড়ে তোলা তার এই বিশাল বাগান থেকে এবার প্রায় ৩০ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি।
ভানোর ইউনিয়নের কৃষক আজিজুর রহমান নিজের বাড়ির চারপাশের ৪ বিঘা এবং বড়বাড়ী ইউনিয়নের হাসপাতাল সংলগ্ন তীরনই নদীর পাড়ে ইজারা নেওয়া ১৬ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছেন। বাগানে প্রায় ৫২ হাজার চারা রোপণ করা হয়েছে। প্রতিটি চারায় খরচ হয়েছে ৪৫–৫০ টাকা। জমি প্রস্তুত, সার, সেচ, কীটনাশক ও খুঁটি স্থাপনসহ প্রতি বিঘায় গড়ে ব্যয় হয়েছে প্রায় দুই লাখ টাকা। শুধু কংক্রিটের খুঁটি বসাতেই খরচ হয়েছে প্রায় ২০–২৫ লাখ টাকা।
কৃষক আজিজুর রহমান বলেন, “এর আগেও একবার চার লাখ টাকার ফল বিক্রি করেছি। এবার ফলন অনেক ভালো। আশা করছি প্রায় ৩০ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি হবে। বিদ্যুৎ দিয়ে লাইটিং করা গেলে সারা বছরই ফল পাওয়া সম্ভব, এখন প্রায় ৭ মাস ফল পাওয়া যায়।”
বাগান দেখাশোনা করেন তার ভাই মোখলেসুর রহমান। তিনি বলেন, “বন্ধুর কাছ থেকে ড্রাগন চাষের ধারণা পাই। পরে ভাইয়ের সঙ্গে আলোচনা করে শুরু করি। এখন মনে হচ্ছে সিদ্ধান্তটি সঠিক ছিল।”
বর্তমানে এই বাগানে প্রতিদিন ১৯ জন শ্রমিক কাজ করছেন। শ্রমিক দুলাল ও শ্রীমতি জানান, তারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করেন এবং দৈনিক ৪০০ টাকা মজুরি পান।
বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস বলেন, “এ উপজেলায় এটিই প্রথম বড় পরিসরের ড্রাগন চাষ। আমরা নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। এতে স্থানীয় আরও কৃষক ড্রাগন চাষে আগ্রহী হচ্ছেন।”
সফল এই চাষাবাদ দেখতে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। অনেকেই পরামর্শ নিচ্ছেন এবং নতুন করে ড্রাগন চাষে আগ্রহ প্রকাশ করছেন।

