কালকিনি-ডাসার প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া তারা কাউকে ভিক্ষাও দেয় না। জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি। সেই সমিতির অধীনে যারা থাকে, তাদের নিয়েই তারা নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে।”
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার ২৩টি পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে খোকন তালুকদার বলেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছে। কালকিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে তাঁরা নিজেরা গিয়ে খোঁজখবর নিচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের পাশে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত। একে একে উপজেলার সব মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করা হবে বলেও জানান তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

