ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলায় একই রাতে পৃথক দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মহেশ্বর গ্রামে হারাধন চন্দ্র দাস ও আবদুল করিমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল হারাধন চন্দ্র দাসের বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
এর কিছুক্ষণ পর রাত ৩টার দিকে একই কায়দায় আবদুল করিমের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে আনুমানিক দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে শুক্রবার দুপুরে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

