কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নুরুল আজাদ কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেছেন কলেজের গভর্নিং বডির সভাপতি শিক্ষানুরাগী মো. ফয়সাল আজাদ রুবেল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন তালুকদার, মিজানুর রহমান ফাহিম, অনাথ বন্ধু সরকার ও আনোয়ার হোসেনসহ অন্যরা। এ সময় কলেজের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, অর্থনৈতিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই বিনামূল্যে পাঠ্যবই বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল আজাদের সুযোগ্য সন্তান ফয়সাল আজাদ রুবেল শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতিবন্ধকতা দূর করতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ারও পরিকল্পনা রয়েছে তাঁর। এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছে কলেজ কর্তৃপক্ষ।
অভিভাবকেরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন থেমে না যায়, সে জন্য এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
তাঁরা আরও বলেন, মরহুম নুরুল আজাদ এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত নুরুল আজাদ কলেজ ছাড়াও মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠায় তাঁর অবদান রয়েছে। তাঁরা মরহুম নুরুল আজাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
ল আজাদ রুবেল।

