Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাউবিতে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭-এর প্রতিফলন: শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২০, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘Reflections on National Budget 2026–27: Education, Social Protection and Employment’ (জাতীয় বাজেট ২০২৬-২৭-এর প্রতিফলন: শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান) শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের লেকচার গ্যালারিতে এ সেমিনারের আয়োজন করা হয়।

 

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপাচার্যের পক্ষে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. আনিসুর রহমান। তিনি সেমিনারে আলোচক হিসেবেও বক্তব্য দেন।

প্রফেসর ড. আনিসুর রহমান বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব ও আয় বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আরও বিনিয়োগ এবং বরাদ্দের সুষ্ঠু ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ প্রশংসনীয়। জাতীয় বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি দেশের ভবিষ্যৎ উন্নয়নের একটি কৌশলগত রোডম্যাপ। বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হলে একটি সমৃদ্ধ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং র‌্যাপিড (RAPID)-এর নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ।

তিনি বলেন, বাজেটে শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান খাতে কিছু আশাব্যঞ্জক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার উদ্যোগ প্রশংসনীয় হলেও ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী এ বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ এবং বিভিন্ন ধরনের ভাতা প্রদানকে তিনি সরকারের গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তবে প্রকৃত উপকারভোগীদের কাছে এসব সুবিধা পৌঁছাতে স্বচ্ছ ও নির্ভুল উপকারভোগী তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদ এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, কর্মসংস্থান বাড়াতে এসএমই ঋণ, হাই-টেক পার্ক এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মতো উদ্যোগগুলোর কার্যকর বাস্তবায়নের জন্য বাজারভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করা প্রয়োজন। বাজেটের সাফল্য কেবল বরাদ্দের ওপর নয়, বরং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও সময়মতো বাস্তবায়নের ওপর নির্ভরশীল।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন বাউবির স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মো. মঈনুল ইসলামসহ অন্যান্য বক্তারা। তারা জাতীয় বাজেট ২০২৬-২৭-এ শিক্ষা খাতের বরাদ্দ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, বিভাগের পরিচালক, বিভিন্ন সেল ও বিভাগের প্রধান, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রায় ১৭০ জন সেমিনারে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সায়মা আহমদ ও ড. জাকির হোসেন তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।