জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার চরগাবের গ্রামে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে এক গৃহবধূকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্ত। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শাপলা বেগম জানান, রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ১১ মিনিটে তার স্বামী অন্যত্র ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে গেলে তিনি ও তার ১৪ বছর বয়সী মেয়ে বাড়িতে ছিলেন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি বারবার ঘরের দরজায় আঘাত করে। প্রথমে তিনি স্বামী এসেছেন ভেবে পরিচয় জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে দুর্বৃত্ত রান্নাঘরের তালা নাড়াতে থাকে। কিছুক্ষণ পর শব্দ বন্ধ হয়ে গেলে তিনি মোবাইল ফোনের আলো জ্বালিয়ে বাইরে বের হন। ফিরে এসে দরজা বন্ধ করার সময় মুখোশ পরা ও হাতে গ্লাভস পরিহিত এক ব্যক্তি তার ওপর হামলা চালায়।
তিনি আরও জানান, হামলাকারী প্রথমে তার মুখে স্প্রে করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে ছুরি দিয়ে তলপেটে ও বাম হাতের কনুইয়ের ওপরে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়।
এ ঘটনায় শাপলা বেগমের স্বামী আব্দুর রহিম অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আবদুর রহিম অভিযোগে উল্লেখ করেন, এর আগেও কয়েক দফা তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রান্নাঘরের তালা ভেঙে গ্যাস সিলিন্ডার, ডাবল গ্যাসের চুলা, পিতলের কলসসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়। এছাড়া গত ৫ জুলাই পানির মোটর এবং গত জুন মাসে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও চুরি হয়। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
একাধিক চুরি ও সর্বশেষ হামলার ঘটনায় পরিবারটি চরম আতঙ্কের মধ্যে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

