কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ড. আনম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিদ্যালয়টি পরিদর্শনকালে তিনি শিক্ষা কার্যক্রম, অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও সংস্কার, শ্রেণিকক্ষের পরিচ্ছন্নতা বজায় রাখা, শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ ও তার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সঙ্গে আরও বেশি যোগাযোগ বাড়ানোর জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেন জেলা শিক্ষা অফিসার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ও কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

