অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। পরে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে মাছটি ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার সকালে এফবি জারিফ-তারিফ নামের একটি মাছ ধরার ট্রলারের জেলে দেলোয়ার মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে দুপুরে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স মনোয়ারা ফিশ আড়তে মাছটি তোলা হলে নিলামে মৎস্য ব্যবসায়ী ফারুক হোসেন এটি কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকায় পাঠানো হবে।
মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার সগির আকন বলেন, বড় আকারের ইলিশের বাজারে আলাদা চাহিদা রয়েছে। মাছটি প্রতি মণ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।
জেলে দেলোয়ার মাঝি জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞা এবং টানা প্রায় ১৫ দিনের বৈরী আবহাওয়ার পর সাগরে মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটি তার জালে ধরা পড়ে। তিনি বলেন, চলতি মৌসুমে বড় ইলিশ তুলনামূলক কম মিললেও এমন একটি মাছ পাওয়ায় তারা আনন্দিত।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। তিনি আশা প্রকাশ করেন, গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও আগামী দিনগুলোতে আরও বেশি বড় ইলিশ ধরা পড়বে।

