পঞ্চগড় প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এমপি।
শুক্রবার (২৪ জুলাই) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে জীবন রক্ষা করে না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি পঞ্চগড়ের করতোয়া, মহানন্দা ও তালমা নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শুধু গাছ লাগানো নয়, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করারও আহ্বান জানান।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জেলা প্রশাসন ও পঞ্চগড় বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু বন বিভাগের দায়িত্ব নয়; পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও অন্যান্য উপযুক্ত স্থানে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃক্ষমেলায় জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নার্সারি মালিকদের ৩৮টি স্টলে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকদের আশা, এ আয়োজনের মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সবুজায়ন বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

