আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কৃষকদলের সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল।
শুক্রবার বিকেলে উপজেলার আগৈলঝাড়া-পয়সারহাট বাইপাস সড়কে উপজেলা কৃষকদলের উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার ও সরোয়ার হোসেন মিয়া, বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব ও সাবেক ভিপি মো. সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা ও শামচুল হক খোকন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. নিজামুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম রায়হান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, কৃষকদল নেতা মো. হাসান মোল্লা, সুমন মারামাত, শহিদুল ইসলাম ফকির এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, গাছ মানুষের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাড়ছে। তাই শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব। তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী কৃষকদল পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”
বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব মো. সেলিম হোসেন বলেন, “বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও বলেন, বৃক্ষরোপণকে শুধু রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। পরিবেশ সংরক্ষণে প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

