কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা তেলিপাড়া এলাকায় একটি ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা গভীর রাতে টিনের বেড়া কেটে ঘরে ঢুকে ধানের বস্তা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির মালিক ময়জুল হক বর্তমানে কারাগারে থাকায় বাড়িটি ফাঁকা ছিল। সেই সুযোগে গত ২৫ জুলাই গভীর রাতে দুর্বৃত্তরা টিনের বেড়া ভেঙে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।
পরিবারের দাবি, চোরেরা ঘরে থাকা একাধিক ধানের বস্তা, প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার এবং শোকেসের ভেতরে মাটির হাঁড়িতে রাখা নগদ এক লাখ টাকা নিয়ে গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ঘটনার সময় এলাকায় ৪ থেকে ৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখা যায়। তাদের মধ্যে নুরুল হক ও তাঁর স্ত্রী খালেদা বেগমকে শনাক্ত করার দাবি করেছেন কয়েকজন এলাকাবাসী। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগকারী পক্ষ জানায়, অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ কারণে ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে তাদের ধারণা।
এ বিষয়ে টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, “মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।”
ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে আইনশৃঙ্খলা বাহিনী।

