Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকিতে চলছে কাঠালিয়া প্রধান ডাকঘরের কার্যক্রম

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রধান ডাকঘরের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম। ভবনটির ছাদ, পিলার ও দেয়ালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে। দ্রুত নতুন ভবন নির্মাণ অথবা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কাঠালিয়া উপজেলার প্রধান ডাকঘরের বর্তমান ভবনটি ১৯৯২ সালে নির্মিত হয়। অভিযোগ রয়েছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কয়েক বছরের মধ্যেই ভবনটির ছাদ ও দেয়াল চুইয়ে পানি পড়তে শুরু করে। পরে দু-একবার সংস্কার করা হলেও তা টেকসই হয়নি।

সরেজমিনে দেখা যায়, ভবনের পিলার ও বিমের পলেস্তরা খসে রড বেরিয়ে এসেছে। ছাদ ও দেয়ালের পলেস্তরাও খসে পড়ছে। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ে চেয়ার-টেবিল, আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র ভিজে নষ্ট হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির সময় প্রয়োজনীয় নথিপত্র পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়।

ডিজিটাল যুগে ডাক বিভাগের ব্যবহার কিছুটা কমলেও সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, পোস্টাল অর্ডার, রাজস্ব স্ট্যাম্প এবং কাজী অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডাক আদান-প্রদানে এখনো এ ডাকঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে প্রতিদিনই নানা শ্রেণি-পেশার মানুষকে ঝুঁকিপূর্ণ ভবনটিতে প্রবেশ করতে হচ্ছে।

সাবেক পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রব বলেন, “দীর্ঘদিন ধরে ডাকঘরটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মানুষ ভবনের ভেতরে ঢুকতে ভয় পায়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

ডাকঘরের নিরাপত্তা প্রহরী মো. মজিবুর রহমান বলেন, “পিলার ও বিমের পলেস্তরা খসে রড বের হয়ে গেছে। ছাদের পলেস্তরাও খসে পড়ছে। সবসময় আতঙ্কে থাকি, কখন ছাদ ভেঙে দুর্ঘটনা ঘটে।”

সেবাগ্রহীতা ও কাঠালিয়া সদর ইউনিয়নের কাজী মো. আসলাম হোসেন বলেন, “চিঠিপত্র পাঠানোর জন্য প্রায়ই ডাকঘরে আসতে হয়। ভবনের অবস্থা খুবই খারাপ। সরকারের কাছে দ্রুত নতুন ভবন নির্মাণ অথবা সংস্কারের দাবি জানাই।”

কাঠালিয়া উপজেলা পোস্টমাস্টার মো. দ্বীন ইসলাম বলেন, “ভবনটি ব্যবহার অনুপযোগী হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে বারান্দায় বসে দাপ্তরিক কাজ করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন বলেন, “উপজেলার প্রধান ডাকঘরের ভবনের বিষয়টি জেলা প্রশাসকের সঙ্গে মাসিক সমন্বয় সভায় ইতোমধ্যে আলোচনা হয়েছে। দ্রুত সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।