ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কাজী খলিলুর রহমান হলরুমে ঝালকাঠি জেলা জিয়া মঞ্চের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার। সভাপতিত্ব করেন জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান।
প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জুয়েল মিয়া জাহাঙ্গীর আলম।
এ সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদসহ ঝালকাঠি সদর, রাজাপুর, নলছিটি ও কাঠালিয়া উপজেলা এবং পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জুয়েল মিয়া বলেন, “জিয়া মঞ্চ প্রতিষ্ঠার পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রচার-প্রসারে কাজ করে আসছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে জিয়া মঞ্চ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে রাজনীতিতে উদ্বুদ্ধ করতে হলে জিয়ার চিন্তাধারা ও দেশনেতা তারেক রহমানের কর্মসূচি সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। জিয়া মঞ্চ শুধু একটি সংগঠন নয়, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম।”
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয়। পরে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

