আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সড়কের পাশের তিনটি সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের তাৎক্ষণিক হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ করা হয়েছে।
রোববার উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট-কুমারভাঙ্গা সড়কের পাশে ঘটনাটি ঘটে।
সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা তিনটি গাছের মধ্যে দুটি বড় চাম্বল গাছ কেটে ফেলেছেন। এ সময় অপর একটি রেইনট্রি গাছ কাটার কাজ চলছিল।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের জলিল বয়াতী সরকারি সড়কের পাশের ওই তিনটি গাছ স্থানীয় ব্যবসায়ী সোহরাব সিকদারের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করেন। পরে সকাল থেকে গাছ কাটার কাজ শুরু হয়।
বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারকে জানালে তিনি তাৎক্ষণিক বন বিভাগের মাধ্যমে গাছ কাটা বন্ধের নির্দেশ দেন।
এ বিষয়ে জলিল বয়াতীর দাবি, জমিটি সরকারি হলেও গাছগুলো তাদের লাগানো। এ বিষয়ে তারা বন বিভাগের সঙ্গেও কথা বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, “সরকারি জায়গার গাছ কাটার কোনো সুযোগ নেই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গাছ কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

