মো.শফিউল আলম রনি,ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের বোথলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের অজান্তে আংশিক রেজুলেশনে স্বাক্ষর নিয়ে ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কৃষ্ণ মিস্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হলে তিনি কয়েক ঘণ্টা নিজ কক্ষে অবস্থান করেন।
রোববার (২৬ জুলাই) সকালে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সাবেক প্রধান শিক্ষক অবসর নেওয়ার পর থেকে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা শ্যামল কৃষ্ণ মিস্ত্রী গত প্রায় ২০ মাসের আয়-ব্যয়ের হিসাব শিক্ষকদের সামনে উপস্থাপন করেননি। সম্প্রতি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রক্রিয়া চলাকালে ওই হিসাব অনুমোদনের উদ্যোগ নেন তিনি।
শিক্ষকদের অভিযোগ, ক্যাশিয়ার পরিবর্তনের কথা বলে আংশিক লেখা একটি রেজুলেশনে তাদের স্বাক্ষর নেওয়া হয়। পরে দেখা যায়, ফাঁকা অংশে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব সংযুক্ত করা হয়েছে। বিষয়টি ধরা পড়লে শিক্ষকরা এর প্রতিবাদ জানিয়ে রেজুলেশন বাতিলের দাবি করেন।
সহকারী শিক্ষক তাজিনুর বেগম ও রফিকুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষকদের না জানিয়ে রেজুলেশনের বাকি অংশ পূরণ করে তাদের সঙ্গে প্রতারণার চেষ্টা করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজ কক্ষে অবস্থান নেন।
বিদ্যালয় ছুটির পরও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় শিক্ষক ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। পরে সন্ধ্যার দিকে তিনি কক্ষ থেকে বের হন।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কৃষ্ণ মিস্ত্রী বলেন, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন এবং পরে বিস্তারিত বক্তব্য দেবেন।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান বলেন, অভিযোগের বিষয়টি তিনি অবগত হয়েছেন। সোমবার উভয় পক্ষকে ডেকে আলোচনা করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

